মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে থাকবে অভিযোগ ট্যাব

২০ মার্চ, ২০২১ ১২:৫২  
সরকারি বিভিন্ন দফতর বা সংস্থার প্রতিশ্রুত সেবা, সেবা প্রদান এবং সেবা অথবা পণ্যের মান সম্পর্কে ব্যক্তির অসন্তোষ বা মতামত দেয়া যাবে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে। অভিযোগ দাখিলের পর এসএমএস ও ই-মেইলের মাধ্যমে অভিযোগের সর্বশেষ অবস্থা সম্পর্কেও জানা যাবে। তবে লগ-ইন না করে অজ্ঞাতনামা হিসেবে অভিযোগ দাখিল করলে পরবর্তী তথ্য পাওয়া যাবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থার (জিআরএস) উন্নয়ন নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সূত্রমতে, বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দেবদাস নাগ এ বিষয়ে কাজ করছেন। অভিযোগ গ্রহণের পাশাপাশি সরকারের ২৫ বছর আগে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নথি ন্যাশনাল আর্কাইভে সংরক্ষণ এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’র (এপিএ) শতভাগ বাস্তবায়নের বিষয়টি খতিয়ে দেখছেন তারা।